ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপণ্যের ভ্যাট কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

খুচরা পর্যায়ে ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপণ্যের শুল্ক কমানোর সঙ্গে সঙ্গে আমদানি পর্যায়েও এসব পণ্যে ভ্যাট ‘সর্বোচ্চ‘ কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৪ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।


বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।


নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে গতকাল সংশ্লিষ্ট মন্ত্রীদের বৈঠকের কথা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গতকালের বিষয়গুলো প্রধানমন্ত্রী এগ্রি করেছেন এবং খুব স্ট্রংলি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন।’


এরই মধ্যে তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের ভোক্তা পর্যায়ে ভ্যাট কমানোর বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আজই (সোমবার) এসআরও (স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার) জারি করা হবে।’


তবে আমদানি পর্যায়ে শুল্ক সর্বোচ্চ কমানোর বিষয়টি বিবেচনার জন্য বলেছে মন্ত্রিসভা। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘ভোজ্য তেল আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। এটা কীভাবে, কতটুকু কমানো যায়, সে বিষয়ে এনবিআরকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোজ্যতেল, চিনিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যে আমদানি পর্যায়ে ভ্যাট কমাতে বলা হয়েছে।’


কী কী পণ্যে আমদানি পর্যায়ে ভ্যাট কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যে পণ্য ক্রাইসিসে থাকবে, সেটার ভ্যাট কম পর্যায়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে। (ভ্যাট) একেবারে তুলে দেওয়া যাবে না। কারণ তখন এনবিআরের কাছে হিসাব থাকবে না। সর্বনিম্ন পর্যায়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।’

ads
ads
ads

Our Facebook Page

↑